গোমস্তাপুরে চুরিকৃত তামার তার সহ দু’জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের চুরিকৃত তামার তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল গ্রামের মাইনুল ইসলামের ছেলে এমারুল ইসলাম (২৩) ও রেণু আলী ছেলে জাহিদুল ইসলাম (২৪)। গ্রেফতারের পর মঙ্গলবার (৫ মে) সকালে ১৯ কেজি তামার তার উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম নিশ্চিত করে জানান, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার পর গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামস্থ পল্টন মটরঘর থেকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের তামার তার চুরি হয়ে যায়। পরে নাহিদ আলী নামে জনৈক ব্যক্তি গোমস্তাপুর থানায় এজাহার দাখিল করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় নিমতলা গ্রামের এমারুল ইসলাম (২৩) ও জাহিদুল ইসলাম (২৪) কে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে জাহিদুল ইসলামের বাড়ি থেকে সকালে ১৯ কেজি তামার তার উদ্ধার করা হয়। এদিকে আটককৃত ২ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।#