রাবি উপাচার্যের সাথে জাপানের দুই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)- এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা- এর নেতৃত্বে এক প্রতিনিধিদল এবং জেন মিরাই জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসুহিরো কাওয়ামোটোর নেতৃত্বে অপর এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৫ মে) প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেট্রোর প্রতিনিধিদলের সাথে বাংলাদেশে কার্যরত জাপানি কোম্পানিগুলোর সঙ্গে সম্ভাব্য সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ জোরদারের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। জেন মিরাই জাপান গ্রুপের প্রতিনিধিদলের সাথে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
রাবি উপাচার্য উভয় প্রতিনিধি দলের উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, জেট্রো ঢাকার প্রতিনিধি তোমোতাকা মিনৌরাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।