ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে আহত, এলাকায় উত্তেজনা
পাবনার ঈশ্বরদীতে মোহা¤দ রবিন (৩০) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত রবিন ঈশ্বরদী ইপিজেড এলাকার বাসিন্দা ওহিদুল ইসলামের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান গ্রুপের সক্রিয় কর্মী সে। এ ঘটনায় যুবলীগ কর্মী মুন্নাসহ ৩-৪ জনকে দায়ি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিন সকালে এক বন্ধুকে ডাকতে ঠাকুরপাড়া এলাকায় সোহাগের দোকানের সামনে পৌঁছালে যুবলীগ কর্মী মুন্নাসহ ৩-৪ জনের মুখোমুখি হন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মুন্না তাকে উদ্দেশ করে ‘তুই আমাকে খুঁজছিস কেন?’ বলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত রবিনকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত রবিন দাবি করেন, যুবলীগ কর্মী মুন্নাসহ ৩-৪জন যুবলীগ ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করেছে। হামলাকারী মুন্না দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের ঘনিষ্ঠ ক্যাডার বলে অভিযোগ করেন রবিন। তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। কারাগার থেকে বের হওয়ার পর অনেক মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে ছুরিকাঘাতে আহত রবিন নামের এই ছেলেকে আমি চিনি না। যে কোনো হামলার ঘটনায় আমি নিন্দা জানাই এবং অপরাধীর শাস্তি চাই।’
এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৫ মে) দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পাকশী এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। বিক্ষোভরত স্বেচ্ছাসেবক দলের নেতারা এ বিষয়ে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে শ্লোগান ও বক্তব্য দেন।
উপজেলা যুবদলের সদস্য শাহারিয়ার শাহান অভিযোগ করে বলেন, পাকশীর আলোচিত পিন্টু ও মানিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুন্না সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের মদদে পুনরায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তনাধীন রয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাকশীতে অতিরিক্ত পুলিশ টহলে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান ওসি।