চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে নৌ-অ্যাম্বুলেন্স চালু
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের ইউনিয়ন চর-আলাতুলি ও নায়ারণপুর ইউনিয়নবাসীর জন্য নৌ- অ্যাম্বুলেন্স চালু করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই নৌ- অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন তিনি এবং এর যাবতীয় ব্যয় সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে বহন করা হয়েছে।
জানা যায়, পদ্মার নদীভাঙন কবলিত ও সীমান্তবর্তী ইউনিয়ন হিসেবে পরিচিত চর-আলাতুলি ও নায়ারণপুর এলাকা। চাঁপাইনবাবগঞ্জ শহরে চিকিৎসা সেবা নিতে আসার জন্য এই ইউনিয়নের জনপদের একমাত্র ভরসা নৌকা। কিন্তু মুমূর্ষু অবস্থায় সময়মতো নৌকাও পাওয়া যায় না। আবার নৌকা পেলেও গুনতে হয় অতিরিক্ত ভাড়া। যার ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিল এই অঞ্চলের মানুষ।
এর পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব তহবিল থেকে এই নৌ- অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই নৌ- অ্যাম্বুলেন্সটি তৈরিতে মাঝারি সাইজের নৌকা ব্যবহার করা হয়েছে এবং একজন মাঝিকে নিয়োগ দেওয়া হয়েছে। চরাঞ্চলের এই দুই ইউনিয়নের মানুষদের নৌ- অ্যাম্বুলেন্স ব্যবহার করতে গুনতে হবে না অ্যাম্বুলেন্স ভাড়া। অ্যাম্বুলেন্সটির তেল ও মাঝির বেতনসহ সবকিছুই সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে বহন করা হবে বলেও জানা যায়।
নুরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত। প্রতি বছর নদীগর্ভে বিলীন হয়ে মানুষ সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। চরাঞ্চলের ইউনিয়নগুলোতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে নৌকা পাওয়াও মুশকিল হয়। আবার নৌকা পেলেও ভাড়া দিতে হয় অনেক। তাই একটি নৌকাকে নৌ অ্যাম্বুলেন্স হিসেবে তৈরি করা হয়েছে। এতে সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। আশা করছি, এর ফলে কিছুটা হলেও চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হবে।
এ সময় অন্যদের মধ্যে সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানি, সদর আমির হাফেজ আব্দুল আলীমসহ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।