উত্তরের খোলা জানালা
এমন একটা ভোর দেখবো বলে
নতজানু হয়ে বসে থাকি, আঁধারের কোলে।
আলোকিত আকাশ জুড়ে হাসি দেখবো বলে ,
কুহেলিকার অন্তর তলে হাত পাতি।
কাঁটাতারের বেড়া পেরিয়ে
আশার আলো খুঁজতে খুঁজতে ক্লান্ত হই
বেদনার নীল সমুদ্র-জলে ভাসতে থাকি,
ইচ্ছে হলে পাথরে পাথর ঘষে আগুন জ্বালানো
একটা সন্ধ্যায় নিমগ্ন চিত্তে, দেখা পাওয়ার আশায়
দৌড়ে গিয়ে কপাট খুলে দেখি,
তুমি আসবে বলেই।
কতোদিন দেখিনা, হাত দিয়ে ছুঁয়ে দিতে পারি না
তোমার কষ্ট, বেদনার নোনাজল সমুদ্র সৈকত ছুঁয়ে
গঙ্গা, মহানন্দা, ভাগিরথী ছাড়িয়ে পদ্মার বালুচরে
টিটি কিম্বা বালিহাঁস ছোট ছোট পায়ে আলতো পরশ
দিয়ে যায়।
কাঁটাতারের বেড়ার ফাঁকে যতদূর চোখ যায়
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি।
তুমি যেদিন প্রথম দেশ ছেড়ে বৃত্তি নিয়ে চলে গেলে!
সেদিনই ধরে নিয়েছি নোম্যান্সল্যান্ড-এ বটপাতাগুলো
চকচকে সোনারোদে ইশারায় বলেছিল
পরবাসে দিন চলে যায় খোলা জানালার
গরাদে দুচোখ-
তোমার উত্তরের অপেক্ষায়!