মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাজশাহী বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক ০৮ মে ২০২৬ ১২:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ মে ২০২৬ ১২:১২ অপরাহ্ন
রাজশাহী বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভ্যর্থনা

রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নেতাকর্মীরা। 


শুক্রবার (৮ মে)।সকাল ৮টায় একটি ফ্লাইটে তারা শাহমখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন। দুই মন্ত্রীকে স্বাগত জানান পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিমানবন্দরে যাত্রাবিরতিকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি শফিকুল হক মিলনের কাছ থেকে শাহমখদুম বিমানবন্দরের বর্তমান অবস্থা, সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা এবং পবা-মোহনপুর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


পরে মন্ত্রীরা সড়কপথে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মোৎসব ও রবীন্দ্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে স্থানীয় সরকারমন্ত্রীর। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।


সফরকালে স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁ জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন বলে জানা গেছে।


এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


সরকারি কর্মসূচি শেষে শুক্রবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী পুনরায় শাহ মখদুম বিমানবন্দরে উপস্থিত হবেন এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।