রাজশাহীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে জেলের মৃত্যু
রাজশাহীর বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে জেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া জেলের নাম সাজেদুর রহমান। তিনি ভবানীগঞ্জ পৌর এলাকার সূর্যপাড়ার আমির মণ্ডলের ছেলে।
শুক্রবার (৮ মে) সকাল সাতটার দিকে ফকিররি নদীর বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যান সাজেদুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় তিন ঘণ্টা অনুসন্ধান চালিয়ে নদী থেকে সাজেদুর রহমানের লাশ উদ্ধার করে।
বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশনে ইনচার্জ মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ হওয়া যুবককে উদ্ধারের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।