সোমবার, জুন ২২, ২০২৬

নাটোরে কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া দাদির পেটে, ১০ দিন পর মৃত্যু

নাটোর প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:২২ অপরাহ্ন
নাটোরে কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া দাদির পেটে, ১০ দিন পর মৃত্যু

কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া দাদির পেটে বিদ্ধ হওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি। এমন ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়। নিহত দাদির নাম মর্জিনা বেগম (৫০)।


বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।


পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ এপ্রিল মর্জিনা বেগমের হাঁসের বাচ্চা একটি কুকুর খেয়ে ফেলে। পরদিন কুকুরটি আবার বাড়িতে এলে সাত বছর বয়সী নাতি সেটিকে লক্ষ্য করে একটি হাসুয়া ছোড়ে। সেটি গিয়ে বিঁধে মর্জিনা বেগমের পেটে।


গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।


এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হান্নান জানান, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে রাজশাহীর রাজপাড়া থানা থেকে ভোর ৪টার দিকে এসংক্রান্ত একটি বার্তা আসে। ঘটনাটি তদন্তের জন্য একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। এঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।