সোমবার, জুন ২২, ২০২৬

রূপপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে ‘গার্ডেন অব মেমোরি’ কর্মসূচিতে রোপন করা হলো ২০০ গাছ

ঈশ্বরদী প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন
রূপপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে ‘গার্ডেন অব মেমোরি’ কর্মসূচিতে রোপন করা হলো ২০০ গাছ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮১তম বিজয় বার্ষিকী উপলক্ষে আত্মদানকারী সোভিয়েত ইউনিয়নের বীর সেনাদের স্মরণে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘গার্ডেন অব মেমোরি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার (০৭ মে) দিনব্যাপী রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রীন সিটিতে এ কর্মসূচির আয়োজন করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম।


এতে রাশিয়ার প্রায় ৬০০ নাগরিক অংশ নেন। তারা গ্রিণ সিটি এলাকায় আম, লিচু, ডালিমসহ ফল, ফুল ও কাঠ জাতীয় দুইশ’ গাছের চারা রোপন করেন। আয়োজকরা জানান, ‘গার্ডেন অব মেমোরি’ রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক উদ্যোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে প্রতি বছর রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপণ করা হয়।


তাদের ভাষ্য, রোপণ করা প্রতিটি গাছ একেকটি প্রাণের প্রতীক। একই সঙ্গে এটি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও ভূমিকা রাখে পরিবেশ সুরক্ষায়। সেই উদ্যোগের অংশ হিসেবেই গ্রীন সিটি এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রোসাটমের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি দেইরি। তিনি উল্লেখ করেন, সাত বছর ধরে চলমান এই ‘স্মৃতি উদ্যান’ কর্মসূচি এখন আন্তর্জাতিক গুরুত্ব পেয়েছে । বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এতে অংশ নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। 


আলেক্সি দেইরি আরও বললেন, এ ধরনের যৌথ আয়োজন মানুষের মধ্যে ঐক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করছে। একই সঙ্গে রাশিয়ার নাগরিকদের জন্য এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি অর্থবহ উদ্যোগ।