রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ইসলামাবাদে ফের বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

সোনার দেশ ডেস্ক ০৯ মে ২০২৬ ১২:১২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৯ মে ২০২৬ ১২:১২ অপরাহ্ন
ইসলামাবাদে ফের বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা আগামী সপ্তাহে আবারও শুরু হতে পারে। সম্ভাব্য এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ বর্তমানে মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি এক পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে।

এই সমঝোতার ভিত্তিতে এক মাসব্যাপী ধারাবাহিক আলোচনা চালিয়ে চলমান উত্তেজনা ও সংঘাত কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা, হরমুজ প্রণালি অঞ্চলে উত্তেজনা হ্রাস এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাব্য বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কতটা শিথিল করা হবে-এ প্রশ্নে উভয় পক্ষের অবস্থান এখনো এক হয়নি।

বিশ্লেষকদের মতে, এই বিরোধ নিরসন না হলে সম্ভাব্য আলোচনা শেষ পর্যন্ত ভেস্তেও যেতে পারে। তবুও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য এই বৈঠককে কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই