সোমবার, জুন ২২, ২০২৬

বগুড়ায় নবজাতক হত্যায় মা ও সৎ বাবা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন
বগুড়ায় নবজাতক হত্যায় মা ও সৎ বাবা গ্রেপ্তার

‎বগুড়ার সদর উপজেলায় লোকলজ্জার ভয়ে নবজাতক সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও সৎ বাবার বিরুদ্ধে। গলা কেটে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


‎শনিবার (৯ মে) দুপুরে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন-  নিপা আক্তার (২৪) ও তার বর্তমান স্বামী দুলাল মিয়া (৩৮)। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদরের নারুলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে নিপা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে গেলো ১৫ রমজানে শেখেরকোলা ইউনিয়নের নুর আলমের ছেলে দুলাল মিয়ার সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।


‎অভিযোগ রয়েছে, শুক্রবার (৮ মে) দিবাগত রাতে নিপা একটি সন্তান প্রসব করেন। পরে লোকলজ্জার ভয়ে নবজাতকের গলায় ধারালো ব্লেড চালিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহটি বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। শনিবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিপা ও দুলালকে আটক করে থানায় নিয়ে আসে।


‎স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। তিনি বলেন, ওই নারীর আগে আরেকটি বিয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের স্বামীর সন্তান হওয়ায় লোকলজ্জার ভয়ে এমন ঘটনা ঘটতে পারে।


‎বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


‎তিনি আরও জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।