রুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু রবিবার, প্রথম ১০ দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) রুয়েট অডিটোরিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে জানানো হয়, রবিবার (১০ মে) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। কোনো শিক্ষার্থী প্রথম ১০ শিক্ষা দিবস অর্থাৎ দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল হয়ে যাবে।
তিন ধাপে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন সকাল সাড়ে আটটায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে, সকাল দশটায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের এবং সর্বশেষ এগারোটায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের।
এতে প্রধান অতিথি রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাকের উপস্থিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, দপ্তর পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তারা।