মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টি চিরনিদ্রায় শায়িত

সোনার দেশ ডেস্ক ০৯ মে ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৯ মে ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টি চিরনিদ্রায় শায়িত

নিজ বাড়িতে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি।  এর আগে তুচ্ছ ঘটনায় যুক্তরাষ্ট্রে খুন হন বৃষ্টি।


শনিবার (৯ মে) দুপুরে তার খণ্ডিত লাশ গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও পাড়াপ্রতিবেশী।  পরে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলো বৃষ্টি।


এমন হত্যাকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ। খুনির কঠোর বিচার দাবি তাদের। পাশাপাশি সরকারকে নিহতের পরিবারের পাশে থাকতে অনুরোধ করেছেন স্বজনরা। 


জুলাই মাসে দেশে ফেরার কথা ছিল যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি অর্জন করতে যাওয়া নাহিদা সুলতানা বৃষ্টির। কিন্তু তার আগেই ঠিকই ফিরলো, তবে লাশ হয়ে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। পরিবারে শোকের মাতম।


শনিবার সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বৃষ্টির খণ্ডিত লাশ। দুপুর সোয়া ১টার দিকে লাশটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশী। ছুটে আসেন বৃষ্টির ছোটবেলার খেলার সাথীরাও। সেখানে তৈরি হয় এক শোকাবহ পরিবেশ।


স্বজনরা জানায়, ৭ মাস আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষে উচ্চতর ডিগ্রির জন্য পাড়ি জমান আমেরিকায়। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার সুবাধে সু-সম্পর্ক গড়ে ওঠে সহপাঠি জামিল আহম্মেদ লিমনের সঙ্গে। সেখানে লিমনের সঙ্গে এক মার্কিন নাগরিক রুমমেটের দ্বন্দ্বের জেরে গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টিকে ভার্সিটি ক্যাম্পাস থেকে তুলে নিয়ে খুন করা হয়। এর আটদিন পর লিমনের খণ্ডিত লাশ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। পরে ৩০ এপ্রিল উদ্ধার হয় বৃষ্টিরও খণ্ডিত লাশ।