একযুগে পদার্পণ করলো ইউনিস্যাব রাজশাহী ডিভিশন
যুব নেতৃত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং দক্ষতা উন্নয়নের অঙ্গীকার নিয়ে ১২ বছরে পদার্পন করেছে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন। প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে শুক্রবার (৮ মে) সংগঠনটির উদ্যোগে আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা এবং স্মৃতিচারণমূলক এক বিশেষ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে বর্তমান কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক অ্যালামনাই সদস্যরাও। এসময় অ্যালামনাই সদস্য শহিদুল ইসলাম ও দিব্যেন্দু বিশ্বাস তাদের অভিজ্ঞতা, স্মৃতি এবং সংগঠনের সঙ্গে দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তারা নবীন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে নেতৃত্ব, মানবিকতা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৪ সালে “েেস্বচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ” এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা ইউনিস্যাব রাজশাহী ডিভিশন গত ১২ বছরে তরুণদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। সংগঠনটি একদিকে যেমন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে, অন্যদিকে তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংগঠনটির সোশাল ওয়েলফেয়ার কার্যক্রমের মধ্যে রয়েছে প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার, ঈদ ফর স্ট্রিট চিলড্রেন,প্রজেক্ট হ্যাপি বার্থডে, ড্রিম অরেঞ্জ এবং উইক ফর হিউম্যানিটি। এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় নিয়মিত আয়োজন করা হয় ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট, ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট, আরইউ ট্যালেন্ট হান্ট, নেক্সট লিপ এবং ইউনিস্যাব এক্সিলিরেটের মতো আয়োজন।
১২ বছরের এই পথচলায় সংগঠনটির সঙ্গে যুক্ত অসংখ্য তরুণ আজ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন বলে উল্লেখ করেন বক্তারা। তাঁরা আরও বলেন, মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং দক্ষতার সমন্বয়ে একটি সচেতন, দায়িত্বশীল ও ইতিবাচক যুবসমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন।