নাটোরে বিদেশিকে হেনস্তার ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়
নাটোরের লালপুরে গ্রীণ ভ্যালি পার্কে বেড়াতে আসা এক বিদেশি পর্যটককে হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় বইছে। ওই ভিডিওতে একদল যুবক বিদেশি পর্যটককে ঘিরে ধরে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গ্রীণ ভ্যালি পার্কের একটি আমবাগানে ৮-৯ জন যুবক এক বিদেশি পর্যটককে ঘিরে ধরেছে। তাদের মধ্যে দুজন পর্যটকটির কাছে গিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করে এবং অশালীন মন্তব্য করে। এসময় তাদের অন্য সঙ্গীরা মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করছিল এবং হাসাহাসি করছিল। ভিডিওতে এক যুবককে রাজশাহী জেলার নাম বলতে শোনা যায়। এছাড়া তাদের কথোপকথনে রাজশাহীর আঞ্চলিক ভাষার টান লক্ষ্য করা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যকারীরা ধারণা করছেন, ভাইরাল কন্টেন্ট তৈরির উদ্দেশ্যেই যুবকরা ইচ্ছাকৃতভাবে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে। নেটিজেনরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। এ কারণে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
গ্রীন ভ্যালি পার্কের জনসংযোগ কর্মকর্তা আব্দুল মোত্তালেব রায়হান জানান, পার্শ্ববর্তী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ার নাগরিকরা বিভিন্ন সময়ে পার্কে ঘুরতে আসেন। শুরুতে তারা পার্কে আসার আগে স্থানীয় প্রশাসন ও পার্ক কর্তৃপক্ষকে অবহিত করতেন। তবে বর্তমানে তারা বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে পার্কে ঘুরতে আসছেন।
তিনি আরও জানান, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাওয়া বিদেশি পর্যটকের বিষয়ে পার্ক কর্তৃপক্ষ আগে থেকে কিছু জানত না। ঘটনার দিন রাজশাহী থেকে একটি দল গ্রীন ভ্যালি পার্কে বেড়াতে আসে। তাদের মধ্যে থাকা দুই টিকটকার ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বিদেশি পর্যটকের সঙ্গে বিভিন্ন কথা বলে ভিডিও ধারণ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে, ঘুরতে আসা ওই যুবকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পার্ক কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।
এদিকে এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সচেষ্ট। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ভিডিওতে থাকা যুবকদের বাড়ি রাজশাহীতে। ভিডিওটি বিশ্লেষণ করে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।