সোমবার, জুন ২২, ২০২৬

পাকিস্তানে চেকপয়েন্টে গাড়িবোমা হামলায় ১২ কর্মকর্তা নিহত

সোনার দেশ ডেস্ক ১০ মে ২০২৬ ০২:০৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১০ মে ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
পাকিস্তানে চেকপয়েন্টে গাড়িবোমা হামলায় ১২ কর্মকর্তা নিহত
পাকিস্তানে চেকপয়েন্টে গাড়িবোমা হামলায় নিহত ১২/ ছবি: এএফপি (ফাইল)

পাকিস্তানে একটি চেকপয়েন্টে গাড়িবোমা হামলায় ১২ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা রোববার জানিয়েছেন, উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি চেকপয়েন্টে সন্ত্রাসীরা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং পুলিশের ওপর গুলি চালিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। খবর এএফপির।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে বলেন, গত রাতে বান্নুর ফতেহ খেল এলাকায় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশের চেকপয়েন্টে ধাক্কা দেয়, এরপর একাধিক সন্ত্রাসী চৌকিতে প্রবেশ করে।

তিনি বলেন, ১২ জন কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এটি সর্বশেষ হামলার ঘটনা।

কর্মকর্তাদের মতে, গাড়ি বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশের চেকপোস্টে হামলা চালায় এবং গুলি চালায়। হামলায় ছোট ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। 

বান্নুর এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, হামলার সময় সন্ত্রাসীরা ভারী অস্ত্র ব্যবহার করেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সীমান্ত অঞ্চলজুড়ে জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় বান্নুও সন্ত্রাসের কবলে পড়েছে।

তথ্যসূত্র: জাগোনিউজ