সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোহনপুর প্রতিনিধি ১০ মে ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ১০ মে ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। সওজ, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে সড়কের উভয় পাশের অবৈধ দখল ও স্থাপনা অপসারণ করা হচ্ছে।


সওজ সূত্র জানায়, রাজশাহী সড়ক জোনের আওতাধীন কাশিনাথপুর-দাশুরিয়া-নাটোর-রাজশাহী-নবাবগঞ্জ-কানসাট-সোনামসজিদ-বালিয়াদিঘী বর্ডার (এন-৬) মহাসড়ক, রাজশাহী শহর বাইপাস (এন-৬০৩) এবং রাজশাহী (বিন্দুর মোড়)-নওহাটা-চৌমাসিয়া (আর-৬৮৫) সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কবলে ছিল। এসব দখল উচ্ছেদে ৯ থেকে ১১ মে পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


এর অংশ হিসেবে শুক্রবার গোদাগাড়ী এলাকায় অভিযান পরিচালনার পর শনিবার সকাল থেকে কেশরহাট এলাকায় সকাল থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত ও পরে মোহনপুর উপজেলা সদরের বাকশিমইল ইউপি পরিষদ, ডাকবাংলা ও প্রাণী সম্পদ অফিসের সাথে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। অভিযানে সওজের জমি দখল করে নির্মিত দোকানপাট, টিনশেড স্থাপনা, অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান এবং সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবকাঠামো অপসারণ করা হয়।


উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় (সওজ), ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। তিনি জানান, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জমি ও ভবনের দখল পুনরুদ্ধার অধ্যাদেশ, ১৯৭০এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রাজশাহী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান আকন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। এছাড়া র‌্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচলে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল সোমবারও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।