পদ্মার চরে ছিনতাই হওয়া ১৭৬টি গরু উদ্ধার
রাজশাহীর বাঘায় পদ্মার চরে ছিনতাই হওয়া ১৭৬টি গরু উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মার মধ্যে চাকলার চরের রায়টা খেয়াঘাট এলাকা থেকে এই গরুগুলো উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর চরের আলতাফ খামরু, কামাল হোসেন খামারু, জামাল উদ্দিন, আসাদুল হক, বাবলু হোসেন ও আনারুল ইসলাম ১৭৬টি গরু নিয়ে পলাশিফতেপুর মাঠে চরাতে যান। এ সময় কাকন বাহিনীর ৬/৭ জন লোক অস্ত্র নিয়ে ফাঁকা গুলি ছোঁড়ে। এতে রাখালরা আতঙ্কিত হয়ে পড়ে। রাখালদের কাছে এসে গুলি করে মারার হুমকি দেন। তারা ভয়ে গরু রেখে চলে আসেন।
পরে কাকন বাহিনীর সন্ত্রাসীরা রায়টা খেয়াঘাট এলাকার অদূরে নিয়ে অবস্থান করছিলেন। এরমধ্যে বাঘার পুলিশ লালপুর থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান শুরু করেন। পুলিশের উপস্থিত টের পেয়ে কাকন বাহিনীর স্পিড বোট নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ১৭৬টি গরু উদ্ধার করে মালিকের কাছে জমা দেন।
এ বিষয়ে গরুর রাখাল বাবলু হোসেন বলেন, সোমবার দুপুরের প্রচণ্ড রোদ পড়ছিল। এ সময় গরুগুলোর মধ্যে অস্থিরতা দেখা দেয়। সবাই মিলে গরুগলো পদ্মা নদীর পানিতে নামিয়ে দিই। এ সময় স্পিড বোট নিয়ে কাকন বাহিনীর ৬/৭ জন লোক এসে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে, আমাদের কাছে এসে গরু রেখে চলে যেতে বলে। আমরা ভয়ে গরু রেখে চলে আসি। পরে গরুর মালিকদের অবগত করা হলে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, ছিনতাই হওয়া গরু উদ্ধার করে মালিকের কাছে দেওয়া হয়েছে। তাদের গ্রেফতারের বিষয়ে অভিযান শুরু করা হবে।