শনিবার, আগস্ট ২২, ২০২৬

রোমাঞ্চকর লড়াই শেষে মহাকাব্যিক জয়

সোনার দেশ ডেস্ক ১২ মে ২০২৬ ১০:২০ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১২ মে ২০২৬ ১০:২০ অপরাহ্ন
রোমাঞ্চকর লড়াই শেষে মহাকাব্যিক জয়

টেস্ট ক্রিকেট যে কতটা রোমাঞ্চকর, কতটা বিনোদনদায়ী হতে পারে, তার অনন্য উপাখ্যান রচিত হলো মিরপুরের সবুজ গালিচায়। পাঁচ দিন ধরে চলা ব্যাট-বলের ধ্রুপদি লড়াই যেন শেষ বেলায় এসে রূপ নিল এক শ্বাসরুদ্ধকর মহাকাব্যে। চতুর্থ দিন শেষে যখন মনে হচ্ছিল মিরপুর টেস্ট এক ম্যাড়মেড়ে ড্রয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই দৃশ্যপট পরিবর্তন। টেস্ট ক্রিকেটের চিরায়ত আভিজাত্য আর রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে নতুন মহাকাব্য লিখল বাংলাদেশ।


দেশের মাটিতে এই প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারাল লাল-সবুজের দল। দুই বছর আগে পাকিস্তানের মাটিতে তাদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিলেন নাজমুল হোসেন শান্তরা। সেই ধারাবাহিকতা অব্যাহত রইল মিরপুরেও। বাংলাদেশের দেওয়া ২৬৮ রানের টার্গেট তাড়ায় নেমে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থেমে যায় ১৬৩ রানে। এর মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে প্রথম জয়ের দেখা পেল নাজমুল হোসেন শান্তর দল।


অথচ পঞ্চম দিনের শেষ সেশনেও পরিস্থিতি ছিল পাকিস্তানের পক্ষেই। জয়ের জন্য তাদের দরকার ছিল ১৫২ রান, হাতে ছিল ৭ উইকেট। জয় না পেলেও ড্রয়েরও সম্ভাবনা ছিল। কিন্তু চা বিরতির পর প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। আম্পায়ার রিচার্ড কেটেলবরো শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেটে জমে যাওয়া আব্দুল্লাহ ফজলকে (৬৬) ফেরত পাঠায় বাংলাদেশ।


এরই সঙ্গে ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। নাহিদ রানা, তাইজুলদের দুর্দান্ত বোলিংয়ের সামনে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নাহিদের ১৪৭ কিমি গতির ইন-সুইঙ্গার বুঝতে না পেরে বোল্ড হয়ে যান মোহাম্মদ রিজওয়ান (১৫)। বাংলাদেশের গতি তারকা অতিথিদের জন্য আতঙ্ক হয়ে ওঠেন। ৯.৫ ওভার বল করে ২ মেডেনসহ ৪০ রান খরচায় নাহিদ তুলে নেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। আর একটি নিয়েছেন মিরাজ। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।- আগামীর সময়


প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে: ৫২.৫ ওভারে ১৬৩/১০, লক্ষ্য ২৬৮ (, আব্বাস ৫*; ইমাম ২; আওয়াইজ ১৫, শান ২, ফজল ৬৬, সালমান ২৬, সৌদ ১৫, রিজওয়ান ১৫, হাসান ১, নোমান ৪, শাহীন ০)


বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭০.৩ ওভারে ২৪০/৯ ডি., লিড ২৬৭ ( এবাদত ৩*; মাহমুদুল ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬, মুশফিক ২২, লিটন ১১, শান্ত ৮৭, মিরাজ ২৪, তাইজুল ৩, তাসকিন ১১)


পাকিস্তান প্রথম ইনিংসে ১০০.৩ ওভারে ৩৮৬/১০ (আব্বাস ৬*; ইমাম ৪৫, আজান ১০৩, শান ৯, সৌদ ০, ফজল ৬০, রিজওয়ান ৫৯, সালমান ৫৮, নোমান ২, শাহীন ১৩, হাসান ৬)


বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩/১০ (নাহিদ ৪*; মাহমুদুল ৮, সাদমান ১৩, শান্ত ১০১, মুমিনুল ৯১, লিটন ৩৩, মিরাজ ১০, তাইজুল ১৭, মুশফিক ৭১, এবাদত ০, তাসকিন ২৮)


শেষ টেস্টে ভেন্যু পরিবর্তন হচ্ছে না, স্কোয়াডও অপরিবর্তিত 

আগামী শনিবার শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট। টানা বৃষ্টির পূর্বাভাস থাকায় সেই টেস্টের ভেন্যু সিলেট থেকে সরিয়ে ঢাকা রাখার গুঞ্জন শোনা যাচ্ছিলো। শেষ পর্যন্ত মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিবর্তন হচ্ছে না ভেন্যু। সিলেটেই ১৬ মে শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। 


বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শেষ টেস্টের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। প্রথম টেস্টের স্কোয়াডই রেখে দিয়েছেন তারা।   


বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন