সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে নির্মানাধীন ভবনে চাঁদা দাবি, অপহরণ চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৬ ১১:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
রাজশাহীতে নির্মানাধীন ভবনে চাঁদা দাবি, অপহরণ চেষ্টার অভিযোগ
সংগৃহীত ছবি

রাজশাহী মহানগরীর শিরোইল রেলস্টেশন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ‘রাজশাহী টাওয়ার’ নামের একটি বহুতল ভবনকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি এবং প্রকল্পের এক উদ্যোক্তাকে অপহরণের চেষ্টার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, শিরোইল স্টেশন রোডের দক্ষিণ পাশে প্রায় ১০০ জন সদস্যের যৌথ উদ্যোগে ‘রাজশাহী টাওয়ার’ নির্মাণের কাজ চলছে। প্রকল্পটির পাশেই ‘হকস ইন’ নামের একটি আবাসিক হোটেল রয়েছে। অভিযোগ উঠেছে, ওই হোটেলের মালিক এনাজুল হক অমি নির্মাণকাজের শুরু থেকেই হোটেলের ক্ষয়ক্ষতির অজুহাতে প্রকল্প সংশ্লিষ্টদের কাছে ২৬ লাখ টাকা দাবি করে আসছিলেন।


নির্মাণ প্রকল্পের উদ্যোক্তারা দাবি করেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পরিদর্শনে হোটেল ভবনে কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। এরপরও কাজ চালু রাখার স্বার্থে বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তিকে ১৬ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু বাকি টাকার দাবিতে বুধবার (১৩ মে) দুপুরে তিনি দলবল নিয়ে নির্মাণস্থলে গিয়ে ঢালাই কাজ বন্ধ করে দেন।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অভিযোগে বলা হয়, এ সময় প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান তুহিনকে গালিগালাজ, ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে নির্মাণ শ্রমিক ও সাইট ইঞ্জিনিয়াররা বাধা দেন।


এবিষয়ে মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, চাঁদার টাকা না পেয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অপহরণের চেষ্টা করা হয়েছে।


অভিযুক্ত এনাজুল হক অমি বলেন, ভবন নির্মাণের কারণে আমার হোটেলে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ২৬ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কয়েক দফায় ১৪ লাখ টাকা পেয়েছি, আরও ১১ লাখ টাকা পাব। টাকা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।


বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।