মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সোনার দেশ ডেস্ক ১৪ মে ২০২৬ ১২:৫১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৪ মে ২০২৬ ১২:৫১ অপরাহ্ন
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত ২টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

নিহত মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, বুধবার গভীর রাতে সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর কাছে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি অবস্থান করছিলেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।

এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। সহযোগীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তথ্যসূত্র: বিডিনিউজ