পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বর্ষপূর্তিতে গণজমায়েত করবে উদযাপন কমিটি। এনিয়ে সংবাদ সম্মেলনও করেছেন নেতৃবৃন্দ। এছাড়াও নতুন গঙ্গা চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগরীর চিলিস পার্টি জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, গঙ্গা-পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় উত্তর ও দক্ষিণাঞ্চলের পরিবেশ, কৃষি, জীববৈচিত্র ও মানুষের জীবন-জীবিকা ভয়াবহ সংকটে পড়েছে।
বক্তারা বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীরর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিল বাংলাদেশের পানি অধিকার আন্দোলনের সবচেয়ে বড় গণজাগরণ। সেদিন লাখো মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাটের উদ্দেশে পদযাত্রা করেছিলেন।
বক্তারা অভিযোগ করেন, গত পাঁচ দশকে ফারাক্কার কারণে গঙ্গা-পদ্মা অববাহিকায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় নেমে এসেছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে নদীর পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নদী সংকুচিত হয়েছে, তলদেশ ভরাট হচ্ছে পলি ও বালুতে। বিলুপ্ত হয়ে গেছে কয়েক প্রজাতির মাছ ও জলজ প্রাণী। গঙ্গার ডলফিন, ঘড়িয়াল এবং পদ্মার ইলিশ প্রায় হারিয়ে গেছে। নদীকেন্দ্রিক জীবিকা হারিয়েছেন লাখো মানুষ।
সংবাদ সম্মেলনে তুলে ধরা তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি গঙ্গায় পানিপ্রবাহ ছিল ৯০ হাজার ৭৩০ কিউসেক। ২০২৪ সালের একই দিনে তা নেমে আসে ৭৫ হাজার ৪০৯ কিউসেকে। মাত্র এক বছরের ব্যবধানে প্রবাহ কমে ১৫ হাজার ৩২১ কিউসেক।
বক্তারা বলেন, ফারাক্কার প্রভাবে উত্তরাঞ্চলে সেচ সংকট তীব্র হয়েছে। বরেন্দ্র অঞ্চলের প্রায় সব গভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আর্সেনিক দূষণও বাড়ছে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় কৃষি উৎপাদন কমছে, হুমকির মুখে পড়ছে সুন্দরবনের জীববৈচিত্র্য। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। তাই এখনই নতুন চুক্তির জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। বক্তারা ১৯৭৭ সালের মতো গ্যারান্টি ক্লজ পুনর্বহাল এবং বাংলাদেশ, ভারত, নেপাল ও চিনকে অন্তর্ভুক্ত করে নতুন যৌথ নদী কমিশন গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলন থেকে শনিবার বিকেল ৩টায় রাজশাহীর বড়কুঠী পদ্মাপাড়ে আয়োজিত গণজমায়েতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক, সেক্রেটারি অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, রাজশাহী হেরিটেজ সভাপতি মাহবুব সিদ্দিকী, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোলসহ সংগঠনের নেতারা।