রাণীনগরে মারপিটের ঘটনায় যুবদল-বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নওগাঁর রাণীনগরে দিনে-দুপুরে হাটের মধ্যে সন্ত্রাসীদের মারপিটে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় শুক্রবার ভিকটিমের স্ত্রী বাদী হয়ে যুবদল নেতা উজ্জল ও বিএনপি কর্মী আতাউরসহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এই ঘটনার পর শুক্রবার যুবদল নওগাঁ শাখার যুগ্ম আহ্বায়ক মো. ময়নূল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম উজ্জ্বলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।
মামলার প্রেক্ষিতে পুলিশ রায়হান ইসলাম (৩২) নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার খাঁনপুকুর হাটে মাদক সন্ত্রাসীরা হামলা চালিয়ে মারপিট করে। এসময় গ্রামবাসি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে । এরপর তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় ভিকটিমকে রক্ষা করার সময় আনিছুর রহমান ও আলাউদ্দিন নামের ২ব্যক্তি আহত হয়। এঘটনায় ভিকটিমের স্ত্রী আদরী বিবি বাদী হয়ে যুবদল নেতা উজ্জল ও বিএনপি কর্মী আতাউরসহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।
থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, শুক্রবার ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রায়হান ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।