নাটোরে স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক
নাটোরে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রতেযান বেগমের (৬৫) বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি গ্রামে ঘটনা ঘটে। নিহত মানু সরকার (৭০) ওই গ্রামের মৃত জিয়ারত সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই বৃদ্ধ দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। দুপুরে কথা-কাটাকাটির পর মান্নান সরকার মাঠে কাজ করতে যান। কাজ শেষে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী হাসুয়া দিয়ে তার গলায় আঘাত করেন। এতে শ্বাসনালী কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মানু সরকারের মৃত্যু হয়।
খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় অভিযুক্ত স্ত্রী রতেযান বেগমকে আটক করা হয়।
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত নারী আমাদের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।