রাজশাহীতে থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়নের একাংশ। মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা নিয়ে দ্বন্দ্বে এই বাস চলাচল বন্ধ করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল বাস চলাচল বন্ধ হয়েছে। এরপর থেকে কোনো রুটেই আর বাস চলাচল করতে দেখা যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে, যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
শ্রমিকদের একাংশ জানিয়েছে, নির্বাচন ছাড়া রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ঘোষণা করা হয়েছে রফিকুল ইসলাম পাখিকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোমিনুল ইসলাম মোমিনকে। এছাড়াও ২১ সদস্যের কমিটি করা হয়েছে। রোববার এই কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শ্রমিকরা আরও জানান, এভাবে কোন কমিটি হয় না। অন্তত একটি অ্যাডহক কমিটি করে এরপর নির্বাচন করতে হয়। কিন্তু যারা কমিটিতে এসেছে তারা ঢাকায় গিয়ে নিজেরা বিভিন্ন পদ নিয়ে এসেছেন। এই ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বাস চলাচল বন্ধ আছে। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।
ঘোষণা ছাড়া বাস বন্ধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা বলছেন, শ্রমিকদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে তাদের। তারা জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাবেন। অথচ হঠাৎ করে গাড়ি বন্ধ হওয়ায় যেতে পারছেন না।
সাইফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, কাউন্টারে এসে দেখি সব বন্ধ। সব রুটের বাস বন্ধ থাকায় ফেরত যেতে হচ্ছে। এটা চরম ভোগান্তির। অথচ আগে থেকে কিছুই জানানো হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বাসে টিকেট বিক্রেতা বলেন, রোববার রাতে ফেসবুকে ঘোষণা দেওয়া হয় বাস বন্ধের। ভোরে দুয়েকটি বাস ছাড়া হয়েছে। এরপর শ্রমিকরা এসে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হচ্ছে।
নতুন ঘোষিত মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস বন্ধ হওয়ার কোন কারণ নাই। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিকরা কমিটি মানতে চাচ্ছে না। এর আগে এরা আমাকে লাঞ্ছিত করেছিল। আমি কিছুক্ষণ পর গিয়ে বাস চলাচল স্বাভাবিক করছি।
এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটে। টার্মিনালের পাশে থাকা বিপুল সংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়। এরই প্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন।