বদলগাছীতে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন
নওগাঁর বদলগাছীতে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ২২৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ৩০৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৬ টাকা দরে ১৫৬ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মিজানূর রহমান। এ সময় চালকল মালিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।