সোমবার, জুন ২২, ২০২৬

বাগমারায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি ১৮ মে ২০২৬ ১০:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ১৮ মে ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
বাগমারায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারা উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৮ মে) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এ আয়োজন করা হয়।


সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ । 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহা. আব্দুল মুমীত,  বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা  মিজানুর রহমান, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা সাইদ আলী, শাখা ব্যবস্থাপক (ব্র্যাক) গৌরাঙ্গ কুমার, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি কর্মকর্তা  পঙ্কজ কুমার বিশ্বাস সহ বিভিন্ন  স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থী  এবং ব্লাস্ট প্রতিনিধি ।


আয়োজকেরা জানায়, ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মূল লক্ষ্য জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও  কমিউনিটি গড়ে তোলা। 


ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। 


রাজশাহী, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জ জেলায় এর কার্যক্রম পরিচালিত হবে।


প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, তৈরি পোশাক শিল্পখাত, গণপরিবহন ও বিভিন্ন কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকি ম্যাপ তৈরি, অভিভাবক সভা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাকশন প্ল্যান এবং যুব ফোরাম গঠনের মতো কার্যক্রম বাস্তবায়ন করা হবে।


সভায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। 


সভা পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা আফরোজা খাতুন । এছাড়া উপস্থিত ছিলেন , দুর্গাপুর একাউন্টস অফিসার সোহেল রানা, কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্টরা।


উপজেলা নির্বাহী অফিসার বলেন , এই প্রকল্প রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও তরুণদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবিষয় গুলো গুরুত্ব সহকারে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে এবং প্রয়োজনে প্রশাসন কে অবহিত হবে।