ঈশ্বরদীর যুবদল নেতা অস্ত্রসহ লালপুরে গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীর জাতীয়তাবাদী যুবদলের নেতা মাহমুদ হাসান সোনামনিকে তার তিন সহযোগীসহ নাটোরের লালপুর থানার পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার পালিদহ এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের বহিস্কৃত সাবেক যুগ্ম আহবায়ক এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর ছোট ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, পালিদহ এলাকায় সোনামনিসহ কয়েকজন অস্ত্রসহ অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মাহমুদ হাসান সোনামনির নিকট থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সময়ে কাজল ও সুইটসহ তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, গ্রেপ্তার আসামীদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।