মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আত্রাইয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ১৯ মে ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ১৯ মে ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ন
আত্রাইয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’- প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনিরুজ্জামান। তিনি বলেন, তিন দিরব্যাপী এই মেলায় বিভিন্ন স্টল ও বুথের মাধ্যমে নাগরিকদের সরাসরি বিভিন্ন ভূমি সেবা দেওয়া হচ্ছে। মেলা থেকে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসিআর, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। এছাড়া ডিজিটাল ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ্ব এবং সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান, হিসাব রক্ষন অফিসার ওবাইদুল হক, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।


সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন,ডিজিটাল ব্যবস্থার কারনে এখন মানুষ ঘরে বসেই অনেক ভূমি সেবা পাচ্ছেন। এতে সাধারণ মানুষের সময় ও খরচ যেমন বাঁচবে, তেমনি হয়রানিও কমেছে। কোনো মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ে সরকারি নিয়ম মেনে সহজেই ভূমি সেবা নেওয়ার জন্য তিনি নাগরিকদের আহবান জানান।


উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়,মেলা উপলক্ষে গণশুনানী, সচেতনতামূলক সেমিনার, জনসভা ও কুইজ প্রতিযোগিতা করা হবে। এছাড়া উপস্থিত জনসাধারণের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করা হবে। সেইসাথে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।