সোমবার, জুন ২২, ২০২৬

বড়াইগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি ১৯ মে ২০২৬ ১১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ১৯ মে ২০২৬ ১১:০০ অপরাহ্ন
বড়াইগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার পূর্ণকলস গ্রামের মিন্টু হোসেনের ছেলে মোঃ আরাফাত রহমান (১১) ও রাজু আহমেদের ছেলে নুর মোহাম্মদ (১০)। তারা পরষ্পর প্রতিবেশী এবং স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে দুই শিশু। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর পাড়ে তাদের পরিহিত পোশাক দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। একপর্যায়ে পুকুরে নেমে সন্ধান চালিয়ে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।


বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।