সোমবার, জুন ২২, ২০২৬

বাঘার পদ্মার চরে গোলাগুলির ঘটনায় মামলা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২০ মে ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২০ মে ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
বাঘার পদ্মার চরে গোলাগুলির ঘটনায় মামলা

রাজশাহীর বাঘার পদ্মার চরে গোলাগুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকালে নিখোঁজ স্বপনের পিতা সিদ্দিক ব্যাপারি বাদি হয়ে জখম করে অপহরণের অভিযোগে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে  এই মামলা দায়ের করেন।

নিখোঁজ স্বপন ব্যাপারি কালিদাসখালি চরের সিদ্দিক বেপারীর ছেলে এবং জিয়াউল হক নিচপলাশী চরের শুকুর আলীর ছেলে।   

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) রাত ১টার দিকে কালিদাসখালি চরে সশস্ত্র একদল ডাকাত ইঞ্জিত চালিত নৌকা যোগে কালিদাসখালি চরে আসছিল। এই সময় স্বপন ব্যাপরী নিজ বাড়ি থেকে বাইরে বের হন। স্বপন ব্যাপরীর টর্চলাইটের আলো লাগে ডাকাতদের গায়ে। এতে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে স্বপনকে গুলি ছোড়ে। গুলিতে স্বপন আহত হন। এরপর বুধবার (২০ মে) সকাল ৮টা পর্যন্ত স্বপনকে খুঁজে পাওয়া যায়নি। 

নিখোঁজ স্বপন ব্যাপরীর বাবা সিদ্দিক ব্যাপরী বলেন, রাত ১টার দিকে ইঞ্জিত চালিত নৌকায় ১৫-১৬ জন লোক আসেন। এ সময় তারা এলোপাথারি গুলি ছুটতে থাকে। গুলির শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। বাড়ির বাইরে এসে দেখি তারা অকথ্য ভাষায় গালাগালি করছে। এ সময় তারা বাড়ির সামনে আমার ছেলে স্বপনকে ধরে ফেলে। তাকেও গালাগালির এক পর্যায়ে গুলি করে তাদের নৌকায় তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, বিছুই জানিনা। ছেলেকে উদ্ধারের জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (কালিদাসখালি) সাবেক মেম্বর শহিদুল ইসলাম বলেন, এখানে বালুরঘাট রয়েছে। বালুরঘাটকে কেন্দ্র করে বিভিন্ন সময় ডাকাত দলের হামলার ঘটনা ঘটে। গতরাতে আসলে কি ঘটনা ঘটেছিল, সেটি এখনো ভালোভাবে জানা যায়নি। তবে স্বপন এবং জিয়াউল নামে দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। জিয়াউলকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে স্বপনকে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে রক্তপাতের আলামত দেখতে পেয়ছি। নিখোঁজ স্বপনকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। #