নওগাঁ ও নাটোরে বজ্রপাতে প্রাণ হারালেন চারজন
নওগাঁ ও নাটোরে বজ্রপাতে চারজন প্রাণ হারালেন। এরমধ্যে নওগাঁর রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুই কৃষক ফসলের মাঠে ধান কাটতে গিয়ে ও এক যুবক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহত তিনজন হলেন, উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) ও আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)।
কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দু’জন দাদা-নাতী। বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ওই গ্রামের এক ব্যক্তির জমিতে আক্কাস ফকির ও তারেক ফকির শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। এদিন ধান কাটার সময় দুপুরের দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের দুইজনের মৃত্যু হয়।
অপরদিকে বৃষ্টি পড়ার সময় গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তাকুলদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান বজ্রপাতে যুবক নয়ন তাকুলদার মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
এদিকে নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিক নিহত ও অপর এক নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইট ভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার বাড়ি বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আদু আলীর ছেলে এসকেন আলী ভোলা (৬০), আহত নারী শ্রমিক জৌদ্দিগী গ্রামের ফিরোজ শেখ স্ত্রী শাপলা খাতুন (৩০)। বিষয়টি স্থানীয় ধানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চমকের সঙ্গে বজ্রপাত হলে তা তাদের শরীরের ওপর আঘাত হানে। এ সময় আশপাশে থাকা লোকজন দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।