সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে যুবদের তথ্য অধিকার বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি ২১ মে ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ মে ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে যুবদের তথ্য অধিকার বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ

তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং আইনটির ব্যবহারিক প্রয়োগে যুবদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে দুইদিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (২০ ও ২১ মে) নগরীর সাহেববাজার এলাকার একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের আট জেলার ২২ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।


প্রশিক্ষণের শুরুতে তথ্য অধিকার আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। তিনি বলেন, নির্ধারিত প্রক্রিয়ায় তথ্যের জন্য আবেদন, সময়মতো তথ্য না পেলে আপিল এবং প্রয়োজনে তথ্য কমিশনে অভিযোগ দায়েরের বিষয়ে নাগরিকদের সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য অধিকার আইন ব্যবহার করে তথ্য সংগ্রহের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব, যা নাগরিক ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।


কর্মশালায় বেলার মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরেন কর্মসূচি ও মাঠসমন্বয়কারী এএমএম মামুন। তিনি পরিবেশ, ভূমি, পানি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য অধিকার আইন ব্যবহার করে তথ্য সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।


তিনি আরও বলেন, বিশ্বের প্রায় ৭২টি দেশে তথ্য অধিকার আইন চালু রয়েছে এবং আন্তর্জাতিকভাবে এটি একটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত। বিশেষ করে জাতিসংঘ-এর সর্বজনীন মানবাধিকার ঘোষণা এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ-এ তথ্য জানার ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।


তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে উল্লেখ করেন, সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদে তথ্য জানার অধিকার স্বীকৃত এবং এ অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন, ২০০৯ প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।


সমাপনী বক্তব্যে রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার পাশাপাশি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এ আইনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত হলে জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং সুশাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে।