সিরাজগঞ্জে যমুনা নদীর ‘হাঁটু পানিতে’ নেমে নৌকার মাঝি নিখোঁজ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর হাঁটু সমান উচ্চতার পানিতে পড়ে গিয়ে তীব্র স্রোতের টানে এক নৌকার মাঝির নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে যমুনা নদীর পূর্বপাড় উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্কের কাছে এ ঘটনা ঘটে বলে জানান কাজিপুর থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান।
নিখোঁজ আব্দুর রশিদ (৫৮) নতুন মাইজবাড়ি গ্রামের জেন্দার আলীর ছেলে। তিনি ছোটবেলা থেকেই যমুনায় নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোকলেছুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালের ঝড়ে ঘাটে বেধে রাখা রশিদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। নৌকাটি মেরামতের জন্যে বিকালে তিনি ছেলেসহ আরো তিনজনকে সঙ্গে নিয়ে ইকোপার্ক সংলগ্ন যমুনার পূর্বপাড়ের চরে নিয়ে যান।
সেখানে নদীতে পানি কম থাকায় নৌকার মাটির সঙ্গে আটকে যায়। নৌকা ধাক্কা দিয়ে পানিতে ভাসাতে রশিদ মিয়া নদীতে নামেন। কিন্তু পানি কম হলেও সেখানে বেশ স্রোত ছিল। ধারণা করা হচ্ছে, তিনি পানিতে পড়ে গিয়ে আর উঠতে না পেরে স্রোতে ভেসে গেছেন। তাৎক্ষণিক সাথে থাকা ছেলেসহ অন্যরা তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।
কাজিপুর থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে নিয়ে নদীতে খোঁজ করেও সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বিডিনিউজ