আসামির ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ
রাজশাহীতে গৃহবধূ রিতু খাতুন রিয়া হত্যা মামলায় স্বামী মিজানসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। শুক্রবার (২২ মে) বিকেলে নগরীর বিনোদপুর বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রিতু খাতুন রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী। পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মিজান পলাতক রয়েছেন। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে না পারায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী-নাটোর মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
আন্দোলনকারীরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে পুনরায় মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।