চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ পৃথক বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারা যান তারা।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানোয়ারা বেগম ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়ার মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান বৃষ্টির মধ্যে আব্দুল মালেক বাবুপুরের একটি ধানখেতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।