মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

৬ জেলায় সড়কে প্রাণ গেল ১৩ জনের

সোনার দেশ ডেস্ক ২৩ মে ২০২৬ ০২:০৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ মে ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
৬ জেলায় সড়কে প্রাণ গেল ১৩ জনের
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১ টা থেকে সকাল সাড়ে ১১ টার মধ্যে ওই দুর্ঘটনাদুলো সংঘটিত হয়। বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত তথ্যমতে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় তিনজন, কুষ্টিয়ার খোকসায় তিনজন, যশোরের সদও উপজেলায় চাউলিয়ায় তিনজন, ঢাকার যাত্রাবাড়িতে দু‘জন এবং জয়পৃরহাট, ফরিদপুরের ভাঙ্গায় একজন করে দু‘জনের মৃত্যু হয়েছে। 

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুর ঘোড়াঘাট আফসারাবাদ কলোনি এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়া (২০), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) ও নুরপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আলামিন (১৫)।  

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। রানীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলটি উঠলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়, এ সময় মোটরসাইকেলের তিনি আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। একইসঙ্গে ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।

তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা রয়েছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের ওপরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ।

জয়পুরহাটে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি দিনাজপুরে ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল দিনাজপুর ব্র্যাক অফিসের উদ্দেশে রওনা দেন মাফু। বাড়ি থেকে বের হয়ে মেইন সড়কে উঠতেই নিয়ন্ত্রণহীন গতির একটি ট্রাক তাকে চাপা দেয়।

বিকট শব্দে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

দুমড়ে-মুচড়ে যায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি। খবর পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাক চাপায় প্রাণ গেল আরোহীসহ অটোরিকশা চালকের

“উল্টো পথে চালানোর কারণ জানতে চাইলে চালক বলেছে, দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের ধাক্কা লেগেছিল।”

ট্রাক চাপায় প্রাণ গেল আরোহীসহ অটোরিকশা চালকের

ঢাকার যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় উল্টোপথে আসা ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ও চালকের মৃত্যু হয়েছে।

মীরহাজিরবাগ কাঁচাবাজার এলাকায় শুক্রবার রাত ১টার দিকে একটি দ্রুতগতির ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানিয়েছেন।

নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০)। তবে যাত্রীর নাম-পরিচয় পুলিশ এখনো জানতে পারেনি।

ওসি রাজু বলেন, “ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে, আমরা কাজ করছি।”

ভাঙ্গায় মহাসড়ক পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট পথচারী

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হতে গিয়ে দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী মো. খোকন ব্যাপারী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. খোকন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মো. আব্দুল করিম ব্যাপারীর ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চুমুরদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশ থেকে মহাসড়ক পার হয়ে উত্তর পাশে যাচ্ছিলেন খোকন ব্যাপারী। এ সময় ঢাকা থেকে বরিশালগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

যশোর-খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

যশোর-খুলনা মহাসড়কে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিয়েছে একটি ভ্যান ও ইজিবাইককে। এ ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। ঘাতক যানটির চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), চাউলিয়া এলাকার মৃত কালু শেখের ছেলে আনোর আলী (৭০) এবং ইজিবাইক চালক ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে মোহাম্মদ আইয়ুব আলী (৪৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি ইজিবাইকে ধাক্কা দিলে কয়েকজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান। এ ঘটনায় চার বছর বয়সী এক শিশু ও মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) গুরুতর আহত হন। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তথ্যসূত্র: ঢাকাপোস্ট, বাংলাট্রিবিউন, রাইজিংবিডি