সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে শিশু রামিসার বিচার ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে শিশু রামিসার বিচার ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

শিশু রামিসার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের কণ্ঠরোধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ জানানো হয়। শনিবার (২৩ মে) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রকৃত সাংবাদিকদের দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে এসব মামলা দেওয়া হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, রাজশাহী প্রেসক্লাবের কয়েকজন সদস্যসহ বিএনপির দুই নেতার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা ‘মিথ্যা মামলা’ এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঈদুল আজহার পর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে দেশে সাংবাদিক নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন হত্যা মামলাসহ বহু মামলায় সাংবাদিকদের আসামি করা হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।

মানববন্ধনে বক্তারা শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এসব ঘটনা দেশের মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে। এসব ঘটনার দ্রুত বিচার হলে মানুষের আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।

মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত এবং শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন- রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বাবু, সদস্য ও এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার।