এশিয়ান আরচারিতে দেশের হয়ে স্বর্ণজয়ী ঐশ্বর্য ঈশ্বরদীতে সংবর্ধিত
এশিয়ান আরচারি প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য স্বর্ণজয়কারী ঈশ্বরদীর কৃতি তীরন্দাজ ঐশ্বর্য রহমান তিতাসকে ঈশ্বরদীতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে শুক্রবার (২২ মে) রাতে পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আজীবন সদস্য অধ্যাপক উদয় নাথ লাহিড়ী।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাহিত্য পরিষদের আজীবন সদস্য অধ্যাপক আখতার হোসেন, সাধারণ সম্পাদক এস. আলমগীর, নির্বাহী সদস্য আশিকুর রহমান লুলু, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, আতাউর রহমান বাবলু, সদস্য মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, তীরন্দাজ ঐশ্বর্য রহমান তিতাস, তার বাবা মিজানুর রহমান খোকন প্রমুখ।
জানা গেছে, সম্প্রতি ভিয়েতনামকে হারিয়ে এশিয়ান আরচারির দলগত ও ব্যাক্তিগত স্বর্ণপদক লাভ করে ঈশ্বরদীর কৃতি তীরন্দাজ ঐশ্বর্য রহমান তিতাস ও তার দল। ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর এলাকার বাসিন্দা পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান খোকন ও ঈশ্বরদীর সংস্কৃতি কর্মী শাহীনা আক্তার দম্পতির একমাত্র ছেলে ঐশ্বর্য রহমান তিতাস এশিয়ান আরচারির স্বর্ণপদক লাভের আগে ১২ ও ১৩ তম জাতীয় আরচারিতে এককভাবে স্বর্ণপদক লাভ করেন। এর বাইরে ১৫ তম আসরে ব্রোঞ্জ ও ১৬ তম আসরে স্বর্ণপদক লাভ করার গৌরব রয়েছে তার ঝুলিতে।
ঈশ্বরদীর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন থেকে ৫ম শ্রেণি পাশ করে তিতাস ২০০৯ সালে বিকেএসপিতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে এসএসসিতে ঢাকা শিক্ষাবোর্ডে মেধা তালিকায় ৪র্থ স্থান অর্জন এবং কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশের পর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে টঙ্গী ন্যাশনাল ক্লাবে কোচ হিসেবে যোগ দেন তিনি। পড়ালেখা ও আর্চারিতে সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালে বিকেএসপির আর্চারি কোচ হিসেবে নিয়োগ পেয়ে সেখানেই কর্মরত রয়েছেন তিনি।
বিকেএসপির কোচ হলেও তার তীর-ধনুকের দক্ষতায় এবার ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়াল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজে বাংলাদেশের হয়ে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন ঈশ্বরদীর সন্তান বিকেএসপির এই কৃতি খেলোয়াড় ও কোচ।
সংবর্ধনার জবাবে ঐশ্বর্য রহমান তিতাস বলেন অলিম্পিকে বাংলাদেশের হয়ে স্বর্ণজয় করার স্বপ্ন পুরণ হলে আমার স্বপ্ন স্বার্থক হবে।