মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পদ্মায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন
পদ্মায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

রাজশাহীর পদ্মা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্যক্তির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। 


শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর বড়কুঠির পদ্মার নদীতে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিন বিকেলে এক মাঝি এই মরদেহ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নৌ পুলিশ ও বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ফুলে যাওয়ায় বয়সও নির্ধারণ করা যাচ্ছে না। বয়স নির্ধারণ ও মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।


ওসি আরও জানান, মরদেহের গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। এ কারণে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এই এলাকায় ঘটেছে নাকি মরদেহটি অন্য কোথাও থেকে নদীর স্রোতে ভেসে এসেছে, সে বিষয়েও তদন্ত চলছে।