সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়া নিয়ে পিটিয়ে প্রতিবেশিকে হত্যা : গ্রেপ্তার ১

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি ২৪ মে ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী পাবনা প্রতিনিধি ২৪ মে ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়া নিয়ে পিটিয়ে প্রতিবেশিকে হত্যা : গ্রেপ্তার ১

পাবনার ঈশ্বরদীতে ছাগলে সজনের পাতা খাওয়া ও বাড়ির আঙিনা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই ভাই মিলে মাহাবুল হোসেন (৬০) নামের এক প্রতিবেশীকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। রোববার (২৪ মে) উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল হোসেন ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে। তিনি পেশায় মিষ্টি ব্যবসায়ী ছিলেন। 


পুলিশ ও স্থানীয়রা জানান, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সি ও তার বড় ভাই মো. তসলিম মুন্সির সজনে গাছের পাতা খেয়ে নষ্ট করেছে এমন অভিযোগে তাদের মধ্যে তর্ক-বিতর্ক, বাগবিতন্ডার পর হাতহাতি থেকে মারামারি বাধে। এক পর্যায়ে বাশার মুন্সি ও তসলিম মুন্সি দুই ভাই মিলে মাহাবুলকে কিল ঘুষি এবং বাঁশ দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। মারপিট ও চেঁচামেচি শুনে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়েছে বলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. কাবেরী সাহা নিশ্চিত করেছেন।


‎এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, মাহাবুল হোসেন নামের ব্যক্তিকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত অভিযুক্ত আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটির আরো অধিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।