বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত
বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঞোমং তংচঙ্গ্যার ছেলে অক্যমং তংচঙ্গ্য (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্য (৩৪) এবং সুনি অং তংচঙ্গ্যার ছেলে শৈফুচিং তংচঙ্গ্য (৩২)। তারা ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যাণ্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যান স্থানীয় তিনজন। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তি নিহত হন।
পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হয়। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশসহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যায়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, তিন বাংলাদেশি নিহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।
তথ্যসূত্র: বাংলানিউজ