চার জেলায় সড়কে ঝরলো দশজনের প্রাণ
রোববার (২৪ মে) দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণ গেছে। এর মধ্যে ফরিদপুরে ৫ জন, টাঙ্গাইলে তিনজন এবং চাঁদপুর ও ঝালকাঠিতে একজন করে দু‘জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
ফরিদপুর-ভাঙ্গা সড়কের শংকর পাশা এলাকায় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় মাদারীপুরের চারজনের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২৪ মে) মাগরিবের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন হয়।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা আলমগীর মোল্লা (৫৫), তার স্ত্রী খুশি বেগম (৩৬), বড়ভাই জাহাঙ্গীর মোল্লা (৬৫), ভাবি বেলী বেগম (৪০) ও জেলা শহরের সৈয়দাবালী এলাকার অ্যাম্বুলেন্স চালক কাওসার মাতুব্বর।
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের হাজী মোহাম্মদ ওয়াহেদ মোল্লার মেজ ছেলে আলমগীর মোল্লা দুই মাস আগে স্ট্রোক করেন।
পরে পক্ষাঘাতে আক্রান্ত হলে চিকিৎসা শেষে বাড়ি আনা হয় তাকে। চিকিৎসার ধারাবাহিকতায় তারিখ অনুযায়ী রোববার সকালে আলমগীরকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্দেশে রওনা করেন পরিবারের চার সদস্য।
পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় পৌঁছালে ঢাকাগামী বিআরটিসি পরিবহনেরেএকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
বাদ মাগরিব চারজনের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।টাঙ্গাইলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী ৩ কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালিবাড়ীর সামনে এই দুর্ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি আলমগীর কবির জানিয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে লিমন (১৪) এবং সোলায়মানের ছেলে সায়মন (১৪)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তিন কিশোর সকালে মোটরসাইকেলে বাসাইলের দিকে যাচ্ছিল। পথে তাদের মোটরসাইকেল বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালিবাড়ীর সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দুইজনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ওসি আলমগীর কবির বলেন, আহত দুইজনের মধ্যে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাঁদপুরে বালুবাহী ট্রাকের চাপায় কাপড় ব্যবসায়ী নিহত
চাঁদপুরের শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় রবিউল আলম (৫২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক মেহেদী হাসান (২৩)। আজ রোববার (২৪ মে) সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের শিবপুর বাংলাবাজার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থেকে দোয়াভাঙ্গাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী ওঠানোর জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় যাত্রী রবিউল আলম সেই অটোরিকশায় উঠছিলেন। ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অতিরিক্ত বালুবোঝাই ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে রবিউল আলম ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি শাহরাস্তি উপজেলার শিবপুর নোয়াবাড়ি এলাকার মৃত আলী আকবর মাস্টারের ছেলে। তিনি দোয়াভাঙ্গা বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
ঝালকাঠিতে ট্রলি উল্টে চালকের মৃত্যু, হেলপার আহত
ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। এসময় তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।
নিহত চালক মো. হানিফ মাঝি (৩৮) বরিশালের বারেকগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের সুলতান মাঝির ছেলে।
তথ্যসূত্র: বিডিনিউজ, রাইজিংবিডি, ঢাকাপোস্ট,আজকের পত্রিকা অনলাইন