সোমবার, জুন ২২, ২০২৬

ইরান চুক্তি নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, মার্কিন প্রতিনিধিদের বললেন ট্রাম্প

সোনার দেশ ডেস্ক ২৫ মে ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৫ মে ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন
ইরান চুক্তি নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, মার্কিন প্রতিনিধিদের বললেন ট্রাম্প
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চুক্তি করা নিয়ে কোনও তাড়াহুড়োর দরকার নেই। আলোচনার দায়িত্বে থাকা মার্কিন প্রতিনিধিদলকে রোববার এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এর আগে শনিবারই ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কেবল ঘোষণার অপেক্ষা। সেই কথার ২৪ ঘণ্টাও না কাটতেই ট্রাম্প এবার মার্কিন প্রতিনিধিদলকে তাড়াহুড়া না করার এই নির্দেশ দিলেন।

এতে ইরানে তিনমাস ধরে চলে আসা যুদ্ধ জলদি অবসানের আশা ফিকে হয়ে এল বলেই মনে করা হচ্ছে।

চুক্তি নিয়ে কেন তাড়াহুড়ো করা চলবে না সে ব্যাখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আলোচনায় অগ্রগতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কও অনেক বেশি পেশাদার এবং ফলপ্রসূ হয়ে উঠছে। দুই পক্ষকেই গোটা বিষয়টি সময় নিয়ে নির্ভুল ভাবে করতে হবে।” ট্রাম্পের কথায়, “এখানে কোনও ভুল করার অবকাশ নেই।”

রোববার ট্রাম্প হরমুজ প্রণালি নিয়েও আগের কথার বিপরীত বার্তা দিয়েছেন। শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, সমঝোতা চুক্তির অংশ হিসাবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে।

কিন্তু পরদিনই সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, “চুক্তি চূড়ান্ত হয়ে তাতে সই না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর অবরোধ সম্পূর্ণ ভাবে কার্যকর থাকবে।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা করে। এর জবাবে ইসরায়েল-সহ পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। বর্তমানে দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি চললেও অস্থিরতা কাটেনি।

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বসলেও কোনও সমাধান বেরিয়ে আসেনি। দুপক্ষের মধ্যে এখনও মধ্যস্থতার মাধ্যমে আলোচনার চেষ্টা চলছে। এর মধ্যেই শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান, শান্তিচুক্তি নিয়ে আলোচনা অনেকটাই হয়ে গেছে। চুক্তি চূড়ান্ত হওয়ার পথে।

এতে অনেকেই ধারণা করেছিলেন, তার ইঙ্গিত ছিল ইরানের সঙ্গে চুক্তি শিগগিরই ঘোষণা করার দিকে। কিন্তু এবার ট্রাম্প জানিয়ে দিলেন, তিনি মার্কিন প্রতিনিধিদলকে বলেছেন, গোটা বিষয়টি নির্ভুল ভাবে করতে হবে। তাই তাড়াহুড়া করার কোনও দরকার নেই।

তথ্যসূত্র: বিডিনিউজ