ইদের ছুটিতে যেভাবে চলবে রামেক হাসপাতাল
ইদের ছুটিতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, গাইনি ইমার্জেন্সিসহ গুরুত্বপূর্ণ সব বিভাগ ইদের দিনসহ পুরো ছুটিকাল জুড়ে সার্বক্ষণিক খোলা রাখা হবে।
সোমবার (২৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস। তিনি জানান, ইদের সময় রোগীরা যেন কোনো ধরনের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিনে সাধারণত আউটডোর বিভাগ বন্ধ থাকে। তবে রোগীদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ২৬ ও ৩০ মে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সাধারণ রোগীরাও এসব দিনে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। এ ছাড়া ইদের ছুটিতে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ওষুধ, চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল প্রস্তুত রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে হাসপাতালের অনেক কর্মকর্তা-কর্মচারীর ছুটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ডা. শংকর কে বিশ্বাস বলেন, ইদের সময় সড়ক দুর্ঘটনা ও হঠাৎ অসুস্থতার ঘটনা বেড়ে যায়। তাই রোগীদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, ইদের পুরো ছুটিকালজুড়ে হাসপাতালে আগত রোগীদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করবে।