সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে মেধার ভিত্তিতে ৪৯ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক ২৫ মে ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ মে ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
রাজশাহীতে মেধার ভিত্তিতে ৪৯ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ
ফলাফল ঘোষণার পর নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়

রাজশাহীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


শনিবার (২৪ মে) জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত অনুষ্ঠানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় তিনি নিয়োগপ্রাপ্তদের অভিনন্দন জানান।


জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজশাহীর জন্য নির্ধারিত শূন্য পদের বিপরীতে প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করে চূড়ান্তভাবে ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। শারীরিক সক্ষমতা, লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী তাদের নির্বাচন করা হয়। ফলাফল ঘোষণার পর নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, শুধু কনস্টেবল নিয়োগ নয়, বরং মেধা ও সততার ভিত্তিতে একঝাঁক দেশপ্রেমিক তরুণকে বেছে নেওয়া হয়েছে, যারা ভবিষ্যতে জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ধরনের সুপারিশ বা আর্থিক লেনদেন ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় নিয়োগপ্রাপ্ত প্রার্থী ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচিতদের মধ্যে রিকশাচালক, শ্রমিক, দিনমজুর, কৃষক, কাঠমিস্ত্রি ও ফেরিওয়ালার সন্তানও রয়েছেন। তারা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশংসা করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।


অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, চাঁপাইনবাবগঞ্জের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।