মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সাজে পূর্ণতা আনতে জুয়েলারি দোকানে তরুণীদের ভিড়

ইরম তারান্নুম প্রজ্ঞা ২৫ মে ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইরম তারান্নুম প্রজ্ঞা ২৫ মে ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
সাজে পূর্ণতা আনতে জুয়েলারি দোকানে তরুণীদের ভিড়

ইদুল আজহার বাকি আর মাত্র একদিন। কোরবানির পশুর হাটের পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে জুয়েলারি ও ইমিটেশন গহনার বাজার। ইদ ও পরবর্তী পারিবারিক উৎসবগুলোতে নিজেকে সাজাতে পোশাকের সঙ্গে মিলিয়ে গহনা কিনতে ভিড় করছেন নারী ও তরুণীরা।


সোমবার (২৫ মে) রাজশাহীর আরডিএ মার্কেট, নিউমার্কেট ও থিম ওমর প্লাজা ঘুরে দেখা যায়, তৈরি পোশাকের পাশাপাশি গহনার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাজার ঘুরে দেখা গেছে, এবার ইদে মেটাল, অক্সিডাইজড সিলভার, অ্যান্টিক এবং সুতো ও পুঁতির ফিউশনসহ হাতের কাজের গহনার চাহিদা সবচেয়ে বেশি।


নকশা এবং মানের ওপর ভিত্তি করে গহনার দাম নির্ধারণ করা হচ্ছে। বাজারে সাধারণ মেটালের দুল মিলছে ১৫০ থেকে ৫০০ টাকায়, একটু ভারি কাজের ফিউশন সেট বা কুন্দনের সেট পাওয়া যাচ্ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ হাজার টাকার মধ্যে।


এছাড়া কাচের রেশমি চুড়ির ডজন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায় এবং মেটালের বালামুখি চুড়ি প্রতি জোড়া ৩০০ থেকে ৮০০ টাকা, নাকফুল ১০০ থেকে ৪০০ টাকা, হিজাব পিন ৫০ থেকে ২৫০ টাকা, ব্রেসলেট ৩০০ থেকে ৯০০ টাকা। সিটি গোল্ডের চুড়ি মান ও ডিজাইনভেদে ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। চেইন ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এ ছাড়া ছোট পেনডেন্ট সেটের দাম পড়ছে ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে।


আরডিএ মার্কেটে ক্রেতা সাবিন ইবনাত বলেন, ইদুল আজহায় সাধারণত আত্মীয়স্বজনদের বাড়ি যাওয়া বা দাওয়াত বেশি থাকে। তাই পোশাকের সাথে মিলিয়ে হালকা কিছু গহনা আর চুড়ি কিনতে এসেছি। তবে ইদের আগে দাম বেশি চাচ্ছে। অন্য সময় এগুলো অনেক কমে পাওয়া গেছে। বেশ দামাদামি করে কিনতে হচ্ছে।  


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিয়ান তাবাসসুম বলেন, পোশাক কেনা শেষ। এখন গহনা না হলে তো ইদের সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই পরিবারের সাথে এসেছি কানের দুল আর চুড়ি কিনতে।


আরডিএ মার্কেটের ব্যবসায়ী সিতাব বলেন, পোশাক কেনা শেষ করে ক্রেতারা এখন গহনার দিকে ঝুঁকছেন। কাস্টমার সামলাতে আমাদের হিমসিম খেতে হচ্ছে। আশা করছি, ইদের আগের রাত পর্যন্ত বিক্রি হবে।


আরেক বিক্রেতা সাগর বলেন, ক্রেতাদের আকৃষ্ট করতে এবারও বাহারি ডিজাইনের নতুন কালেকশন আনা হয়েছে। পোশাকের ধরনের ওপর ভিত্তি করে গহনার দামেও রয়েছে ভিন্নতা। এসব পণ্যের চাহিদাও বেশি।