সোমবার, জুন ২২, ২০২৬

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২৬ মে ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ মে ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু
দুর্ঘটনায় নিহত দম্পতি ও তাদের সন্তান ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোর ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা  পর্যন্ত সময়ের মধ্যে ওই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়। বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় সন্তানসহ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় দুই মোটর সাইকেল আরোহী এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বরগুনা ও রাজশাহীতে একজন করে দুজন নিহত হয়েছে।  


বরিশালের বাসচাপায় সন্তানসহ দম্পতির মৃত্যু

ইদযাত্রায় বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় সন্তানসহ মোটরসাইকেল আরোহী এক দম্পতির প্রাণ গেছে।


ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি মোহসিন হোসেন জানিয়েছেন।


নিহতরা হলেন-উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম ও তাদের মেয়ে জান্নাত আক্তার।


ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটিতে ভাঙচুর চালায়। তবে চালক ও তার সহযোগী কৌশলে পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে।


ওসি মোহসিন বলেন, “ওই দম্পতি ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বরিশালে আসছিল। পথে একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”


গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, “মোটরসাইকেলে করে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থামিয়ে রাখেন।


“এ সময় ‘তাজ আনন্দ পরিবহনের’ একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।”


দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং যানজট নিরসনের চেষ্টা চলছে বলে গৌরনদী হাইওয়ে থানার ওসি মহসীন জানিয়েছেন।


সাতক্ষীরার পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার ভোর ৬টার দিকে তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তালা থানার ওসি শহিদুল ইসলাম।


নিহতরা হলেন, নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। তারা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকির ও হাফিজুল ইসলাম ফকিরের ছেলে, তারা দুজন চাচাতো ভাই।ওসি শহিদুল ইসলাম বলেন, নিজের খামারের জন্য মাছ আনতে চাচাতো ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ভোরে মোটরসাইকেলে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন নাসিম আলী ফকির।


পথে তেতুলিয়া জামে মসজিদের কাছে পৌঁছালে আঠারোমাইল এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটি রাস্তার পাশে পড়ে গিয়ে মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে চাপা যায়।


এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাসিম আলী ফকির নিহত হন এবং গুরুতর আহত হন মেহেদী হাসান।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাসিম আলীর মরদেহ উদ্ধার করে। আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তিনি মারা যান।


বরগুনায় ব্রিজে পিকআপ ভ্যানের ধাক্কা, সহকারীর মৃত্যু

বরগুনার আমতলী উপজেলায় ব্রিজের সঙ্গে ধাক্কায় এক পিকআপ ভ্যানের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালক।


মঙ্গলবার ভোরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আমতলী ফায়ার স্টেশন এর ফায়ার ফাইটার সাব্বির হোসেন জানিয়েছেন।


নিহত মো. আজাদ মোল্লা (২৭) টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি গ্রামের বাসিন্দা। আহত চালক মেহেদী (২৮) একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের বাসিন্দা।


সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।


মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোর-বনপাড়া মহাসড়কে উপজেলার চড়িয়া কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।


পুলিশ জানায়, অটোরিকশাটি নাটোরের দিকে যাচ্ছিল। একই দিকে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


ওসি ইসমাইল হোসেন বলেন, মরদেহ তিনটি থানায় রয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হতাহতরা সবাই পুরুষ।


রাজশাহীতে  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের আত্রাই-ভবানীগঞ্জ রোডের নাগপাড়া নামক স্থানে মঙ্গলবার (২৬মে) সকাল সাড়ে নয়টার দিকে ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী বর্ষা খাতুন ও আড়াই বছরের ছেলে আফসা গুরুতর আহত হয়েছে। আহতদের মেডিকেলে ভর্তি করা হয়েছে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ভবানীগঞ্জ অভিমুখের একটি ট্রাক নাগপাড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী নাগপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে নাজমুল হোসেন স্ত্রী-সন্তান নিয়ে অতিক্রম করার সময় ট্রাকটি তাদের ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাজমুল হোসেন মারা যায়। স্ত্রী-সন্তান ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহীতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয়রা নওগাঁ সদরের দোগাছি মহল্লার আব্দুল লতিফের ছেলে ট্রাক চালক শামিম (৪৫) কে ট্রাকসহ আটক করে পুলিশে দেয়। 


তথ্যসূত্র: বাংলানিউজ, বিডিনিউজ, ঢাকাপোস্ট, আজকের পত্রিকা অনলাইন