ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮
ঝড়ে হেলে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ৮ জন আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে এলে ঝড়ে আগে থেকেই হেলে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা ৮ জন যাত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে নিচে পড়েন।
এতে ছাদে থাকা যাত্রীরা আহত হন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। আহতরা হলেন- রবিন (২৩), হেলাল (৪০), সায়মন (২২), তামিম (১৭), জোনায়েদ (২১), নাঈম (২০), আউয়াল (৪৫) ও মাহমুদুল হাসান (২৩)। আহতদের মধ্যে জুনায়েদ হাসানের হাত ভেঙেছে।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক দেব জানান, আহতদের হাতে পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এর মধ্যে জোনায়েদ হাসানের হাত ভেঙেছে। বাকিরা শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম সফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয় বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন