মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পত্নীতলায় সৌদির সঙ্গে মিল রেখে ইদুল আজহা উদযাপন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৭ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৭ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন
পত্নীতলায় সৌদির সঙ্গে মিল রেখে ইদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় পবিত্র ইদুল আজহার নামাজ আদায় করেছেন স্থানীয় অর্ধশতাধিক মুসল্লী। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের হরিরামপুর (দক্ষিণ) বাসস্ট্যান্ড-গগনপুর রোড সংলগ্ন এলাকায় ওই ইদের জামাত অনুষ্ঠিত হয়। 


নামাজের ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান। জামাত শুরুর আগেই পত্নীতলা, জয়পুরহাট, ধামইরহাট, মহাদেবপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে চার্জার-ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল যোগে মুসল্লিরা ইদের জামায়াতে অংশ নিতে আসেন। নামাজে পুরুষদের পাশাপাশি নারী ও শিশু-কিশোররাও অংশগ্রহণ করেন।


নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


স্থানীয় মুসল্লি মেহেদী হাসান জানান, ২০০০ সাল থেকে তারা পারিবারিকভাবে এভাবে ইদ উদযাপন শুরু করেন। পরে ২০০৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে জামাত আয়োজন করা হয় এবং প্রতিবছর এতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।


ইদের জামায়াতের ইমাম মাওলানা কামারুজ্জামান বলেন, ‘প্রায় ১৩ বছর ধরে ইমামতি করছি। শরীয়াহ অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিনেই ইদ পালনের বিধান রয়েছে। সে অনুযায়ী তারা ইদের নামাজ আদায় করেছেন এবং সেদিন রোজা রাখা থেকে বিরত থেকেছেন।’